আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে ডাকাত-পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ গুলিবিদ্ধসহ আহত হয়েছে পাঁচ জন। মঙ্গলবার রাতে উপজেলার গোপালদী বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ সদস্য হলেন গোপালদী তদন্ত কেন্দ্রের এএসআই সোহরাব হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১টার দিকে বাজারের প্রায় সব দোকান বন্ধ ছিল। এর মধ্যে তিনটি স্বর্ণের দোকানের ভেতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। এ সময় স্পিডবোট ও ট্রলারে এসে ২০/২৫ জন মুখোশ পরিহিত ডাকাত ঐ তিনটি দোকানে হানা দেয়। খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।
ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। পুলিশও পালটা গুলি করে। ৫/৭ মিনিট চলে ডাকাত-পুলিশ গুলিবিনিময়। এই খবর চার দিকে ছড়িয়ে পড়লে থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আশপাশের সব পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল বাজারের বিপ্লব বিশ্বাস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।