স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বন্দরের মুছাপুর ইউনিয়নের শাসনেরবাগে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মোতালেব (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন বন্দরের শাসনেরবাগ এলাকার মৃত আবদুর রাজ্জাক কবিরাজের ছেলে।
জানা গেছে, বন্দরের শাসনেরবাগ এলাকার জলিল মিয়ার ছেলে ইসমাইল ওরফে ইসার সঙ্গে দীর্ঘদিন ধরে মোতালেব হোসেনের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে মোতালেব এশার নামাজ পড়তে বাড়ির কাছের এক মসজিদে যান। পরে নামাজ শেষে বাড়ির দিকে রওনা হলে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মূল আসামি ইসমাইল হোসেন ঈসাসহ আরো বেশ কয়েকজন মোতালেবের ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মদনপুরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মোতালেবকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মামলার যাবতীয় প্রস্তুতি নিবে পরিবারের সদস্যরা। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, মোতালেব নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে।