চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যাওয়া শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে রহস্যজনকভাবে পড়ে গুরুতর আহত আকবর হোসেন চমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে মারা গেছেন। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকবরের বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি পুরাতন ঢাকার কলতাবাজারের একটি মেসে থাকতেন।  

খুলশী থানা সূত্রে জানা গেছে, আকবর হোসেন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর জিইসি মোড় এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান। পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। খুলশী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হোসাইন জানান, ফ্লাইওভার থেকে পড়ে যাওয়ার চার দিন পর চমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আকবর হোসেন মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর পরিবার থেকে একটি মামলা করা হয়েছে, আমরা তদন্ত করছি।