স্ত্রী ম্যাগসেসে পুরস্কার পাওয়ার পরদিনই চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজির শিক্ষক অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী। স্ত্রীর এত বড় অর্জনের পর সারা দেশের মানুষ যেখানে আনন্দিত তখন তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ড. কাদরী র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীর স্বামী। ৭৩ বছর বয়সি সালেহীন কাদরী কোভিড-১৯-পরবর্তী জটিলতা নিয়ে গত এক মাস ধরে ঢাকার ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গতকাল বুধবার রাত পৌনে ৪টার দিকে সেখানেই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজেউন)। তার জানাজা বুধবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
সালেহীন কাদরীর মৃত্যুর আগের দিন গত মঙ্গলবার স্ত্রী ফেরদৌসী কাদরী ‘এশিয়ার নোবেল’ খ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার পাওয়ার ঘোষণা আসে। ড. ফেরদৌসী কাদরী আইসিডিডিআর,বির ইমিউনোলজি বিভাগের প্রধান।
ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির এনজাইমোলজি বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক সালেহীন কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।