জনগণের প্রত্যাশা বিএনপি ইতিবাচক ধারায় ফিরবে :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে দলটি রাজনৈতিক ইতিবাচক ধারায় ফিরে আসবে। দলটির কাছে জনগণও এটাই প্রত্যাশা করে। গতকাল বুধবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির বিগত তেতাল্লিশ বছরের ইতিহাস মিথ্যার বেসাতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাস। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী ও অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান নিজের জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও এখন বিএনপি নেতারা স্বাধীনতার অন্যতম পাঠককে ঘোষক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছেন। জিয়াকে ইতিহাসের নায়ক বানাতে     গিয়ে বিএনপি নেতারা তাকে শুধু বিতর্কিতই করেনি, ইতিহাসের কাঠগড়ায়ও দাঁড় করিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, এ জাতির যত অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। যে দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে, সেই দলের কাছেই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ সুরক্ষিত। মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে বিএনপির মায়া-কান্না তাদের কমিটমেন্টের অন্তঃসারশূন্যতা প্রকাশ করে। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ফাঁকা বুলি কেবল বিএনপির মুখেই মানায়। তিনি বলেন, হাজার বছরের আরাধ্য স্বাধীনতার অমিয় সুধা পানে জাতিকে ধাপে ধাপে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ বিএনপি বঙ্গবন্ধুর পাশে জিয়াকে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা করছে তা চরম ধৃষ্টতার শামিল। ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের যে সত্য দিবালোকের মতো স্পষ্ট, তা চাপা দিয়ে কারো কোনো লাভ নেই, এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ততই দেশের মঙ্গল।