বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মালেককে ব্ল্যাকমেইল করে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে কথিত দুই সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার বিকালে কাওরান বাজার মিডিয়া সেন্টারে র?্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন—প্রতারণার পরিকল্পনাকারী বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক ইকবাল হোসেন ও তার সহযোগী মো. আমিরুল ইসলাম। তাদের কাছ থেকে ক্যামেরা ও বেসরকারি একটি টেলিভিশনের বুম, ৫ লাখ টাকা, তিনটি ১০০ টাকার স্টাম্প, ৪৫ লাখ ও ৫০ লাখ টাকার দুটি ব্যাংক চেক জব্দ করা হয়।
খন্দকার আল মঈন বলেন, মঙ্গলবার রাতে উত্তরার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী মালেকের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সাংবাদিকতার আড়ালে ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের টার্গেট করে এই কথিত সাংবাদিক চক্র ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। বেশ কিছুদিন ধরে দেশের নামিদামি বেসরকারি টেলিভিশন ও নামসর্বস্ব পত্রিকার নাম ব্যবহার করে উত্তরায় একটি চক্র তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে।