বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার, নেই মিঠুন

বাংলাদেশের ক্রিকেটে ব্যস্ততামুখর, আলোচিত একটি দিন অতিবাহিত হয়েছে গতকাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টি-২০ জয়ের ইতিহাস, তামিম ইকবালের টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো, বিসিবির বোর্ড সভায় গতকাল দিনভর ব্যস্ত ছিল ক্রিকেটাঙ্গন। পরে রাতে এলো ক্রিকেটারদের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা।

গতকাল চলতি বছরের আট মাসের (মে থেকে ডিসেম্বর) জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে বিসিবি। চুক্তিতে ঠাঁই পেয়েছেন ২৪ ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাকিব আল হাসান। গত বছর নিষেধাজ্ঞার কারণে চুক্তিতে ছিলেন না তিনি। তবে জায়গা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের। সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজের টি-২০ দল থেকেও বাদ পড়েছিলেন তিনি।

এ বছর তিন ফরম্যাটের চুক্তিতে জায়গা হয়েছে পাঁচ ক্রিকেটারের। তারা হলেন—মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডের চুক্তিতে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। শুধু টেস্টের চুক্তিতে রয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

ওয়ানডে ও টি-২০র চুক্তি তালিকায় ঠাঁই হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, আফিফ হোসেনের। শুধু টি-২০তে চুক্তিবদ্ধ হয়েছেন—সৌম্য সরকার, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারী।

এদিকে গতকাল আসন্ন নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফরহাদ হোসেন এফসিএ, প্রেসিডেন্ট ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। চার নির্বাচন কমিশনার হলেন—সাবেক যুগ্ম-সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবির লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার মুদ্দাসির হোসেন, সাবেক অ্যার্টনি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ একরামুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।