গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা মধ্যপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে ঐ এলাকার একটি বাড়ির পরিত্যক্ত বাগানের পাকা রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ইন্সপেক্ট (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরো জানান, নিহত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও খয়েরি রঙের টি-শার্ট। তার মুখমণ্ডল ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে—মঙ্গলবার রাতে কোনো একসময় ঐ যুবককে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।