মুহসিন ইরম
পাবলিক পার্কে মহা মনোযোগে ইতিউতি তাকিয়ে এক ব্যক্তি কী যেন খুঁজছিলেন। খানিকটা সময় তার কার্যক্রম দেখে একটু দূরে বেঞ্চে বসে থাকা আরেক ব্যক্তি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করে বসল, ‘চারপাশে কী খোঁজেন ভাইজান? সেই কতক্ষণ যাবত দেখছি।’
লোকটি না তাকিয়েই জবাব দিলেন, ‘তেমন কিছু না? ময়লা-আবর্জনা খুঁজছি। খাব তো।’
প্রশ্ন করা লোকটির কৌতূহল ও বিস্ময় দুটোই বেড়ে গেল। আবারও প্রশ্ন করল, ‘কিছু মনে না করলে ভাইজানরে আরেকটা প্রশ্ন করি? আপনার কি আর্থিক অসচ্ছলতা আছে নাকি?’
কিছুটা বিরক্ত বোধ করলেন প্রথম ব্যক্তি। ভ্রূ কুঁচকে জবাব দিলেন, ‘কোন অ্যাঙ্গেলে আমারে আপনার অসচ্ছল মনে হইল? আর অসচ্ছল হলেই বা আপনার কী?’
—না মানে, আপনি না বললেন ময়লা-আবর্জনা খুঁজতেছেন, খাবেন। আমি ভাবলাম আর্থিক সঙ্গতি নেই বলেই আপনি বোধহয় ময়লা-আবর্জনা খেতে বাধ্য হচ্ছেন।
প্রথম ব্যক্তি বুঝতে পারলেন সমস্যাটা মূলত কোথায় হয়েছে। হাসতে হাসতে জবাব দিলেন, ‘আরে মিয়া, আমি ময়লা-আবর্জনা খুঁজতেছি সেগুলো পরিষ্কার করে যেন জায়গাটায় খাওয়া-দাওয়া করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারি সে জন্য। আমার ব্যাগে রুটি-কলা রাখা আছে, খাব তো সেগুলো। ক্লিয়ার?’
কার্টুন জ্যোতি