উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে ৮ সেন্টিমিটার।
বিষয়টি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন।
জানা গেছে, পানি বাড়ার ফলে প্রতিদিনই চরাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানি বৃদ্ধি ও ভাঙন অব্যাহত থাকায় অসহায় হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ, ভীতি কাজ করছে তাদের মাঝে। বিপাকে পড়েছেন জেলার গো-খাদ্য খামারিরা।
বৃহস্পতিবার সকালে কাজিপুরে মেঘাই ঘাটে গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি পরিমাপক ওমর আলী।
অপর দিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হানিফ জানান, জেলায় বন্যায় ৭ হাজার ৬২ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে, রোপা আমন, বোনা আমন, সবজী, আখ ও বীজ তলা। এছাড়াও বন্যায় শাহজাদপুর, কাজীপুর, বেলকুচি, সিরাজগঞ্জ সদর, চৌহালী ও উপজেলার নতুন নতুন কৃষি জমিতেও পানি ঢুকতে শুরু করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জেলার সাড়ে ৫২১ মেট্রিক টন চাউল এবং ১ কোটি ৮২ লক্ষ টাকা মজুদ রয়েছে। সিরাজগঞ্জ ও শাহজাদপুরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও চাউল বিতরণ করা হয়েছে বলে জেলা ত্রাণ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/এমআর