ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৩০ জন ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৮৪ জন ও ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও তিনজন। এর আগেরদিন বুধবার  ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৬৬৮ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন।

ডেঙ্গু বাসায় থাকা এডিস মশার কামড়ে হয়। নগরীর চার পাশের ময়লা-আবর্জনার স্তূপ থাকা, নোংরা ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে গেছে। অথচ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করলেই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

 

ইত্তেফাক/ইউবি