সাভারে পৃথক ঘটনায় নিজ ঘরের ভিতর থেকে ২ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে সাভারের দক্ষিণ রাজাশন ও আড়াপাড়া মহল্লা থেকে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এ দুই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে সাভারের দক্ষিণ রাজাশন এলাকার সার্ড স্কুল সংলগ্ন নিজ ঘরের ভিতর থেকে রুমা আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হলেও তার নাম পরিচয় জানা যায়নি।
নিহত রুমা আক্তার (২৭) দক্ষিণ রাজাশন মহল্লার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। ১৫ বছর বয়সী একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই থাকতো রুমা আক্তার। কয়েকদিন আগেই রাজধানীর মিরপুরের শ্বশুর বাড়ি থেকে সাভারে বাবার বাড়িতে আসেন রুমা। পরে রুমার ১৫ বছর বয়সী মেয়েকে তার খালার বাসায় বেড়াতে পাঠান তিনি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের শনাক্তে বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ শুরু করেছে পুলিশ।
অপর দিকে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তানজিলাকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোহাগ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী সোহাগ মিয়া ও তার ছোট বোনের জামাই সুমন মিয়াকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, কি কারণে দুই নারীকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এসজেড