আনন্দে পা নেই মাটিতে
হাত দুটিও ঝালিয়ে নিতে
অনেক জোরে ধাক্কা মারে উন্নয়নের চাকা—
ডিগবাজি খায় ঢাকা।
উড়াল সেতু মেট্রোরেলে
একটু ঢাকে ছায়া ফেলে
কী চমত্কার দেখা গেল, এই সোজা এই বাঁকা—
ডিগবাজি খায় ঢাকা।
সড়কগুলো হচ্ছে মোটা
ছুটছে গাড়ি বেদম ছোটা
দেখাচ্ছে কী তেলেসমাতি! জ্যাম না হতেই ফাঁকা—
ডিগবাজি খায় ঢাকা।
উঁচু দালান উঠছে কত
বানানো লেক কী উন্নত
তার মুখে তাই কেবল হাসি, ফুঁর্তি ঝাঁকানাকা—
ডিগবাজি খায় ঢাকা।
ভাবছে মানুষ এবার তবে
ঢাকা সেবার জন্য হবে
দ্রুত গতির উন্নতিতে নির্ভাবনায় থাকা—
ডিগবাজি খায় ঢাকা।