বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের হাতে প্রায় হাফ ডজন সিনেমার কাজ রয়েছে। সম্প্রতি ‘বচ্চন পান্ডে’ শিরোনামের একটি সিনেমা শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি ‘ভেদিয়া’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তার হাতে রয়েছে রামায়ণ নির্ভর সিনেমা ‘আদি পুরুষ’। সিনেমাটিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। ওম রাউতের পরিচালনায় এতে আরো অভিনয় করবেন সাইফ আলী খানসহ অনেকে। সিনেমাটি রামায়ণ ও স্টার নির্ভর হওয়ায় দর্শক প্রত্যাশাও রয়েছে দারুণ। তাই এবার দর্শকদের মন ভালো করা খবর দিলেন তারা। শিগগিরই শুটিং শুরু হচ্ছে সিনেমাটির। টানা ২ মাস মুম্বাইয়ে শুটিং করবেন শিল্পী-কলাকুশলীরা। এ প্রসঙ্গে কৃতি বলেন, ‘আপনাদের মতো সিনেমাটির অপেক্ষায় আমিও আছি। অন্য সিনেমার কাজের ব্যস্ততায় সিডিউল মেলাতে পারছিলাম না। তবে টানা ২ মাসের সিডিউল দিয়েছি সিনেমাটি শেষ করার জন্য। আশা করছি, দারুণ একটি কাজ উপহার দিতে পারবো।’