সড়ক দুর্ঘটনা এড়াতে সচেতন হতে হবে

কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে ভাদালিয়া বাজার বাসস্ট্যান্ড যার উভয় পাশে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা শিল্পপ্রতিষ্ঠান। নতুন সড়ক নির্মাণের আগে ভাদালিয়া বাসস্ট্যান্ডে যানবাহনের গতিনিয়ন্ত্রক দুটি বিট ছিল, যার ফলে কিছুটা হলেও দীর্ঘদিন এখানে তেমন কোনো দুর্ঘটনা ঘটত না। নতুন সড়ক নির্মাণের পর যানবাহনের গতিনিয়ন্ত্রক বিট তুলে দেওয়া হয়। যার ফলে কিছু অদক্ষ ড্রাইভার,  উচ্ছৃঙ্খল তরুণ ড্রাইভাররা তাদের যানবাহন অত্যন্ত দ্রুত গতিতে চালায়। কয়েক দিন আগে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক স্বস্তিপুর ভাদালিয়া স্ট্যান্ডে দুপুরবেলা এক মোটরসাইকেল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্রুতগামী বাসের মধ্যে আকস্মিক সংঘর্ষ হয়। এখানে গতিরোধক দেওয়া থাকলে হয়তো দুর্ঘটনাটি নাও ঘটতে পারত।  পরিবহন সংশি­ষ্ট কর্তৃপক্ষের অসচেতনতা কারণে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ও  সড়কের বিশৃঙ্খলা দিন দিন বেড়েই চলছে। তাই জনসাধারণের নিরাপত্তা প্রদানে, সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ, স্ট্যান্ডে দুটি গতিরোধক স্থাপন করতে সংশি­ষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা তৈরি করতে নানা কর্মসূচি গ্রহণ এখন সময়ের দাবি।

মো. সোহানুর রহমান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া