ক্রিসমাস উত্সবকে ঘিরে ইউরোপের কয়েকটি দেশের কাছ থেকে একদিনে ২৪ লাখ মার্কিন ডলার মূল্যের টিভি রপ্তানির চুড়ান্ত আদেশ পেয়েছে ওয়ালটন। যা কিনা চলতি মাসেই ইউরোপে রপ্তানি বা ডেলিভারি দেয়া হবে। বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘ইউরোপে একদিনে ২৪ লাখ মার্কিন ডলারের টিভি রপ্তানি’ শীর্ষক এক সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে জানানো হয়, বড়দিনের উত্সবকে ঘিরে সেপ্টেম্বরের ১ তারিখে জার্মানি, গ্রিস, ক্রোয়েশিয়া, রোমানিয়া ও পোল্যান্ডে টেলিভিশন রপ্তানির চুড়ান্ত আদেশ পেয়েছে ওয়ালটন। যা কিনা দেশের টেলিভিশন রপ্তানি খাতে এক নতুন রেকর্ড। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) শাখার প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম প্রমূখ। অনুষ্ঠানে জানান হয়, ২০১৯ সালে ইউরোপে টিভি রপ্তানি শুরু করে গত দু’বছরে ওয়ালটন টিভি রপ্তানির পরিমাণ ছিলো প্রায় ৩০ লাখ মার্কিন ডলার। এ বছর আশাতীতসাফল্য। ওয়ালটনের ‘ভিশন- গো গ্লোবাল- ২০৩০’ অর্জনে অর্থাত্ ২০৩০ সালের মধ্যে ওয়ালটন বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৩৫ টিরও বেশি দেশে, শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত টিভি রপ্তানি করছে ওয়ালটন। ওয়ালটন টিভির মোট রপ্তানির ৩৪ শতাংশ ডেনমার্কে, ১৮ শতাংশ জার্মানিতে, ২২ শতাংশ গ্রিসে, ১৫ শতাংশ ক্রোয়েশিয়া ও আয়ারল্যান্ডে, ৬ শতাংশ পোল্যান্ডে এবং ৫ শতাংশ আফ্রিকা ও অন্যান্য দেশে হয়েছে।— প্রেস বিজ্ঞপ্তি