সিলেট-ছাতক রুটে ট্রেন চলাচল বন্ধ

সিলেট-ছাতক যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। গত বছরের ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে ছাতক-সিলেট যাত্রীবাহী ট্রেন। করোনা ভাইরাসের কারণে সারা দেশের মতো এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

জানা গেছে, ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের লোকজনের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল ট্রেন। ছাতক স্টেশন থেকে সিলেট হয়ে এ অঞ্চলের মানুষ ট্রেনে যাতায়াত ও মালামাল পরিবহন করতেন। ট্রেনে যাতায়াত সুবিধার কারণে ছাতক থেকে শিক্ষার্থীরা সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেন। স্থানীয়রা জানান, দেশে সরকারি নির্দেশে ট্রেন চলাচল চালু হলেও এ রেলপথ রয়েছে বন্ধ। এ কারণে যাত্রী চলাচলে এখানকার লোকজনকে গুনতে হচ্ছে অধিক ভাড়া। একজন যাত্রীর সড়ক পথে সিলেট যেতে গাড়ী ভাড়া লাগে ৮০-১৩০ টাকা। আর রেলপথে ছাতক বাজার স্টেশন থেকে সিলেট যেতে ১২ টাকার টিকিট কাটতে হয়। কম খরচে মালামালও পরিবহন করা যেত। ৩০ আগস্ট সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাতক বাজার রেলস্টেশনের প্রতিটি কক্ষ রয়েছে তালাবদ্ধ। পুরো এলাকা জুড়ে ঝোপঝাড় আর যত্রতত্র ময়লা আবর্জনায় যেন ভরপুর হয়ে উঠেছে। ট্রেন বন্ধ থাকার কারণে স্টেশন মাস্টারসহ দায়িত্বপ্রাপ্তরা কেউই স্টেশনে আসেন না। মাঝেমধ্যে সরকারি মালবাহী ট্রেন যাতায়াতের সময় এক জন কর্মচারী এসে তদারকি করে আবার চলে যান।

রেলপথের নিয়মিত যাত্রী স্থানীয় সালাউদ্দিন, সমর কর ও সুলতান আহমদ জানান, ট্রেন বন্ধ থাকায় এখন তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়। তাদের মতো অনেকেই সড়কপথে অতিরিক্ত ভাড়া দিয়ে এখন সিলেট যাতায়াত করছেন।

সিলেটে প্রেশনে থাকা ছাতক বাজার রেলওয়ের স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল বলেন, কবে ট্রেন চালু হবে এ বিষয়টি তার জানা নেই। দ্রুত ট্রেন চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এ অঞ্চলের ভুক্তভোগী যাত্রী সাধারণ।