দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

দর্শনার আনোয়ারপুর রেললাইন পার হতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইয়ামিন হোসেন (১৪)।

দর্শনা জিআরপি থানার ওসি মো. রফিক উদ্দিন জানান, দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের আশরাফুল ইসলামের মাদ্রাসাপড়ুয়া ছেলে ইয়ামিন হোসেন ঐদিন বাড়ি থেকে মাদ্রাসায় আসছিল। এ সময় দর্শনা রেলক্রসিং পার হতে গিয়ে খুলনা-চিলাহাটি রকেট মেইল ট্রেনের নিচে পড়ে পা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে

রেল কর্মচারীর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, সিলেট-আখাউড়া রেললাইনের মাধবপুরের ইটাখোলায় উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বুধবার রাতে রেলের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম এরশাদ আলী (২৮)। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির এসআই মো. হারুনুর রশীদ জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তিনি ইটাখোলা স্টেশনের পাশে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।