মাঠ চিরে, আল। হেঁটে গেলেন—গ্রামের দিকে
শহর ফেরত মধ্যবিত্ত, এক কলেজ শিক্ষক।
কণ্ঠে তার সুমধুর গান, রবীন্দ্রসংগীত।
আলের দু’পাশে দু’জন ধানগাছ, আউশ ও আমন
আমন আউশকে জিজ্ঞেস করে, এটা কী গান দাদা?
আউশ বলে, শুনেছি এটা রবীন্দ্রসংগীত
শিক্ষিত লোকেরা বেশি গায়, দামি গান
তবে ইরিধান ভালো বলতে পারবে এই বিষয়ে।
অথচ ইরিক্ষেত থেকে ভেসে আসছে রক
গানের শব্দে কাঁপছে মাঠ,
অক্লান্ত চাষা মারেফতি গাইতে গিয়েও থেমে যান।
বাবুই! জিগাগাছে বসে আছে। সেও গাইছে গান
অপেক্ষা, ধান পাকার।
দূরে, আলে ক্ষুধার্ত কেউ খাচ্ছে বসে, দুপুরের খাবার
খাদ্যগ্রহণের তৃপ্ত শব্দে কাঁপছে সকল ধানের গাছ
এটা যাপিত, এটা মেলোডি, এটা নাচ!
নোট : চলছে ক্লাসস্ট্রাগল, চলছে তালিম, র-সঙ
শিক্ষক (মধ্যবিত্ত) দিচ্ছেন থিয়োরি, দিচ্ছেন হোম টাচ।।