ঘরের মাঠে এমন রেকর্ড গড়ার সুযোগ কজনার হয়? নিজ দেশের দর্শকের সামনে ইতিহাসের পাতায় নিজের নামটা লিখে নেওয়ার কাজটা দারুণভাবে করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইরানের সাবেক তারকা ফুটবলার আলি দাইয়ির রেকর্ড ভেঙেছেন রোনালদো। বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পর্তুগাল ২-১ গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে। সেই ম্যাচে জোড়া গোল করে সর্বচ্চো গোলদাতার তালিকায় রোনালদো। জাতীয় দলের জার্সি গায়ে এত দিন ছিল ১০৯ গোল, এবার তার গোলের সংখ্যা দাঁড়াল ১১১, ১৮০ ম্যাচ খেলেছেন। হিমালয় ছাড়িয়ে আরো ওপরে সিআরসেভেন। এতো ওপরে ওঠেও একেবারেই নির্ভার রোনালদো। ম্যাচ জিতে বলে দিলেন, দেশ জিতেছে এটাই বড় কথা। এ রেকর্ড দেখলেন ফুটবল ভক্তরা, দেখলেন আমার পরিবার, সন্তানরা।
পর্তুগালের বিপক্ষে যখন আয়ারল্যান্ড, তখন যে কেউ মনে করতে পারেন রোনালদোর দল তুড়ি মেড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দেবে। এই ভাবনা নিয়ে যারা বুধবার রাতে টিভির সামনে বসেছিলেন, তাদের চোখ কপালে উঠে গিয়েছিল এটা বলা যায়। ধারাভাষ্যকার খেলা শুরুর সময় বারবার বলছিলেন, আজ রোনালদোর রেকর্ড হবে। ছাড়িয়ে যাবেন ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ির রেকর্ড। এসব কথা শুনতে বেশ শ্রুতিমধুর লাগছিল রোনালদোভক্তদের। কিন্তু ম্যাচের সময় যখন গড়িয়ে যাচ্ছিল, তখন উলটো গোল হজম করে বসে পর্তুগাল। রোনালদোর পর্তুগালের পিছিয়ে যাওয়ার চিত্র প্রথম ধাক্কায় মেনে নিলেও সময়ের স্রোতে একটা ভয়, শঙ্কা মনে মনে কাজ করছিল। অথচ খেলার শুরুতেই পেনালটি পায় পর্তুগাল। রোনালদো বল বসিয়েছেন, শট করবেন; আয়ারল্যান্ডের আরেক ফুটবলার গিয়ে রোনালদোকে বিরক্ত করছিলেন। একটা সময় বিরক্ত হয়ে শট নেওয়া রোনালদোকে ঠেকিয়ে দিলেন আইরিশ গোলকিপার গ্যাভিন বাজুনু। রোনালদোর শটে গোল ঠেকিয়ে দারুণ খুশি গ্যাভিন। আয়ারল্যান্ডের তরুণ ফুটবলারদের মধ্যে দুর্দান্ত স্পিড। পর্তুগিজদের বিপক্ষে শেষ পর্যন্ত আইরিশরাই গোলের দেখা পেয়েছিল প্রথমার্ধের যোগ হওয়া সময়ে। জন ইগানের গোলে (১-০) এগিয়ে যাওয়া আয়ারল্যান্ড দুর্দান্ত ফর্মে।
গোল শোধ হবে হবে করতে করতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। আইরিশরা ম্যাচ-জয়ের স্বপ্নে বিভোর। দম বন্ধ করা লড়াইয়ে ৮৯ মিনিটে রোনালদো গোল করে সমতা আনলেন ১-১। ভাঙতে শুরু করে আইরশদের স্বপ্ন। রোনালদোর গোলের সংখ্যা দাঁড়ায় ১১০। সঙ্গে সঙ্গে ইরানের আলি দাইয়ির ১০৯ গোলের সংখ্যাটা অতিক্রম করেন রোনালদো। তখনো ম্যাচ নিয়ে সাসপেন্স শেষ হয়নি। একদিকে ম্যাচ জিততে হবে, অন্যদিকে রোনালদোর রেকর্ড। রোনালদো ছুটলেন, দেশকে জেতাতে হবে। মাথায় রাখলেন, এটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। আয়ারল্যান্ডের স্বপ্ন ভেঙে টুকরো করে দিয়েছেন রোনালদো। খেলা শেষ হওয়ার পর যোগ হওয়া সময়ে ৯৭ মিনিটে দ্বিতীয় গোল করেন রোনালদো ২-১। দেশকে জেতালেন, ছুঁয়ে গেলেন জাতীয় দলের জার্সি গায়ে ১১১ গোলের রেকর্ড। সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।
আন্তর্জাতিক পুরুষ ফুটবলে
সর্বোচ্চ গোলদাতা
খেলোয়াড় গোল
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) ১১১
আলি দাইয়ি (ইরান) ১০৯
মোখতার দাহারি (মালয়শিয়া) ৮৯
ফেরেন্স পুসকাস (হাঙ্গেরি) ৮৪
গডফ্রি চিতালু (জাম্বিয়া) ৭৯
একনজরে
কাজাখস্তান ২-২ ইউক্রেন
রাশিয়া ০-০ ক্রোয়েশিয়া
ডেনমার্ক ২-০ স্কটল্যান্ড
নরওয়ে ১-১ নেদারল্যান্ডস
পর্তুগাল ২-১ আয়ারল্যান্ড
ফ্রান্স ১-১ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা