প্রধানমন্ত্রী শেখ হাসিনা হকির জন্য ১ কোটি টাকা দিয়েছিলেন। তার পরও খেলাটা সময়মতো গড়ায়নি। ক্লাব হকি যেভাবে থেমে ছিল, তা হকির জন্য অশনিসংকেত মনে হচ্ছিল। যাই হোক, খেলা গড়ানোর উদ্যোগ নিয়েছে ফেডারেশন। এরই মধ্যে বেশ কিছু ঘোষণাও দিয়েছে। আর গতকাল হকি ফেডারেশনের নতুন সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান হকি ফেডারেশনের প্রথম সভা করলেন। আগেই পরিচিত হয়েছিলেন অন্যান্য কর্মকর্তার সঙ্গে। গতকাল আনুষ্ঠানিকভাবে সভায় যোগ দিলেন ফ্যালকন হলে আয়োজিত সভায়। এই সভায় সিদ্ধান্ত হয়েছে ক্লাবগুলোকে কীভাবে প্রধানমন্ত্রীর দেওয়া টাকা ভাগ করে দেবেন। ১২টি ক্লাবের মধ্যে প্রথম তিনটি ক্লাবকে ১২ লাখ টাকা করে দেওয়া হবে। পরবর্তী দুই দল ৮ লাখ টাকা করে পাবে। বাকি সাত দল পাবে ৬ লাখ টাকা করে। আর লিগ চ্যাম্পিয়ন দল ৩ লাখ, রানার্সআপ ২ লাখ এবং তৃতীয় স্থান পাওয়া দল পাবে ১ লাখ টাকা। এ মাসেই খেলোয়াড়দের দলবদল শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ক্লাবগুলো খেলোয়াড় নিতে শুরু করেছে।