দেশে পৌঁছেছে ভারতের উপহারের অক্সিজেন প্ল্যান্ট

দেশে পৌঁছেছে ভারতের উপহারের দুটি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট। ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী গতকাল বৃহস্পতিবার দুটি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে। এই প্ল্যান্টগুলোর অক্সিজেন উত্পাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার।

ভারতের ডিআরডিও দ্বারা নির্মিত প্ল্যান্টগুলো কোভিড মহামারির মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে। একটি প্ল্যান্ট ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হবে এবং অপরটি বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে বিএনএস পতেঙ্গায় স্থাপন করার জন্য। জানা গেছে, স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক এই প্ল্যান্টগুলো অত্যন্ত সাশ্রয়ী উপায়ে তাত্ক্ষণিক মেডিক্যাল অক্সিজেন তৈরি করে। হাসপাতালে সরাসরি স্থাপনের পাশাপাশি এগুলো অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার উপযোগী। প্ল্যান্টগুলো চিকিত্সা কাজে ব্যবহারের জন্য প্রেসার স্যুইং অ্যাবজর্পশন (পিএসএ) নীতিসহ জিওলাইট (মলিকুলার সিভ) প্রযুক্তি ব্যবহার করে মানসম্মত মেডিক্যাল অক্সিজেন উত্পন্ন করে।

আইএনএস সাবিত্রী একটি অফশোর টহল জাহাজ যা ভারতের বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এটি নির্মাণ করেছে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড।