নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড সভায় বাংলাদেশের যোগদানের অনুমোদন

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অব গভর্নরসের সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়েছে। এর ফলে ২০১৫ সালে স্থাপিত এ বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হলো। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২০ আগস্ট এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ব্যাংকটিতে যোগদানের বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে গত ১৫ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আলোচনা সফলভাবে সম্পন্ন হয় এবং তার ধারাবাহিকতায় ব্যাংকটির সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন করা হয়। বাংলাদেশ ছাড়াও উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাতের সদস্যপদ ব্যাংকটি অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, এবারই প্রথম ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর বাইরের কোনো সদস্য রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগদানের অনুমোদন দেওয়া হলো।

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক বার্তায় উল্লেখ করেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক সহায়তা লাভের ক্ষেত্রে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার                 প্রত্যয় জানিয়ে তিনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সদস্য হিসেবে যোগদানসংক্রান্ত বাকি আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার বিষয়ে জোর দেন।

বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়া উপলক্ষ্যে ব্যাংকটির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো বিশেষ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সহযোগিতার যে সেতুবন্ধন রচিত হতে যাচ্ছে তা সমৃদ্ধির পথে বাংলাদেশের দুর্বার যাত্রাকে আরো শক্তিশালী করবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন-সংক্রান্ত ৮০টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে।