করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনজি টিরিংক। তিনি বলেন, বাংলাদেশের জন্য ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। এটা পর্যাপ্ত নয় এবং আশা করি, আরো বেশি দিতে পারব। গতকাল বৃহস্পতিবার কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক :ভবিষ্যত্ সম্ভাবনা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে মূল বক্তব্যে এ তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত। দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ইইউসহ উন্নত দেশের উদ্যোগহীনতার সমালোচনার জবাব দিতে গিয়ে টিকার বিষয়ে নিজেদের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক করোনা ভাইরাস মোকাবিলায় অন্যতম চালিকাশক্তি ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের মধ্যে বিশ্বব্যাপী ২০ কোটি ডোজ টিকাসহায়তা দেব আমরা। ইইউ ও এর সদস্য রাষ্ট্রগুলো ইতিমধ্যে মহামারি মোকাবিলায় ১৬ বিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে।
ইইউ রাষ্ট্রদূত বলেন, ২ দশমিক ৪ বিলিয়ন ইউরো দেওয়ার মাধ্যমে কোভ্যাক্স কার্যক্রমে দ্বিতীয় সর্বোচ্চ দাতা ইইউ। পাশাপাশি ১৬ বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি তো রয়েছে। করোনা ভাইরাসের পরীক্ষা, চিকিত্সা ও বৈশ্বিক পুনরুদ্ধারে এই অর্থ খরচ হবে। বক্তৃতায় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত পরিকল্পনা নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত টিরিংক।
তত্ত্ববাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।