সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. লুত্ফুর রহমান (৮১) গতকাল বৃহস্পতিবার বিকালে চিকিত্সাধীন অবস্থায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার বিকাল ২টা ৩০ মিনিটে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান এই নেতার ইন্তেকালে সিলেটে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জানান, দুই দিন আগে ডায়রিয়া ও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়; কিন্তু বৃহস্পতিবার বিকালে তিনি না ফেরার দেশে চলে যান।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আরো শোক প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, সাবেক এমপি জেবুন্নেছা হক প্রমুখ।