বরিশাল সদর উপজেলা পরিষদের আলোচিত ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় কারা অন্তরিন সব আসামির জামিন মঞ্জুর করেছে আদালত। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, ইউএনও ও পুলিশের মামলায় বরিশাল কারাগারে থাকা ১২ নেতাকর্মীর জামিনের আবেদন করা হয়েছিল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানি শেষে আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ পৃথক মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও (আসামিপক্ষের আইনজীবী) সাবেক সভাপতি তালুকদার মো. ইউনুসের জিম্মায় ১০ হাজার টাকার বন্ডে ১২ জন আসামির জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। এর আগে একই আদালত গত ২৫ আগস্ট এই দুই মামলায় আওয়ামী লীগের আরো ৯ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার ইউএনওর মামলায় জামিনপ্রাপ্তরা হলেন :মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, মো. অলিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিবুল ইসলাম রাকিব, শুভ হাওলাদার, শুভ সাহা, সদর উপজেলার কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরয়ার বাবু, শাহিনুর ইসলাম শাহিন ও হারুনর রশিদ।