বরিশালে পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করেছে বখাটেরা!

বরিশালে এক পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় নগরীর ফলপট্টি এলাকার একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, বিষয়টি নজরে আসার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফলপট্টি এলাকার ঐ ভবনের ছাদে নিয়মিত গাঁজার আসর বসত। এর আগেও বিভিন্ন সময়ে পুলিশ ঐ ছাদে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় কয়েক জনকে আটক করে। একটি সোর্সের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার কনস্টেবল সাগর হোসেন ঐ ভবনের ছাদে গেলে বখাটেরা তার ওপর চড়াও হয়। তারা তাকে লাঞ্ছিত করে ভবন থেকে নামিয়ে দেয়। একই সঙ্গে ঐ কনস্টেবল একটি শিশুকে বলাত্কার করেছে বলে গুজব ছড়িয়ে দেয় তারা। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার বর্ণনা শোনেন পুলিশ কর্মকর্তারা।

কোতোয়ালি মডেল থানা সূত্র জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারসহ হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।