প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে আদালত অবমাননাকর মন্তব্য করার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফ। আপিল বিভাগ ঐ নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করে তাকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে ঐ আইনজীবীকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলীর সভাপতিত্বে চার বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার পর্যবেক্ষণসহকারে আদালত অবমাননার রুল নিষ্পত্তি করে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আশরাফুলের পক্ষে শেখ আওসাফুর রহমান বুলু ও বিটিআরসির পক্ষে খন্দকার রেজা-ই-রাকিব শুনানি করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান বিচারপতির সমালোচনা ও পদত্যাগ চাওয়ায় আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফকে গত ১৫ জুলাই তলব করে আপিল বিভাগ। আদালত বলেছে, এ ধরনের স্টেটমেন্ট মারাত্মক অবমাননাকর। তার এই স্টেটমেন্ট সরাসরি প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টকে আঘাত করেছে। তলব আদেশ অনুযায়ী গতকাল সকাল সাড়ে ৯টায় আদালতে হাজিরা দেন ঐ আইনজীবী। এ সময় তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালতে আবেদন দাখিল করেন।
অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, ঐ আইনজীবীর বয়স কম। যেহেতু সে ক্ষমা চেয়েছেন, তাই আপনারা এটি বিবেচনা করতে পারেন। এর পরই আপিল বিভাগ ক্ষমার আবেদন গ্রহণ করে তাকে সতর্ক করে দেয়।
আইনজীবী আশরাফ বলেন, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে অবেদন করেছিলাম। সে অবেদনটি গ্রহণ করে হলফনামাটি প্রত্যাহারের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। যেহেতু আদালত আমার আবেদনটি গ্রহণ করেছেন, তাই আইন পেশা চালিয়ে যেতে আর কোনো সমস্যা থাকছে না।