জেরুজালেমে ফের কনসুলেট খোলার বাইডেনের পরিকল্পনায় ইসরাইলের সতর্কবার্তা

ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে দীর্ঘদিন ঘাঁটি হিসেবে ব্যবহূত হয়ে আসা জেরুজালেমে ফের কনসুলেট খোলার মার্কিন ভাবনাকে ‘বাজে পরিকল্পনা’ অ্যাখ্যা দিয়েছে ইসরাইল। ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, এমন কিছু হলে তা নাফতালি বেনেটের নতুন সরকারের ভেতর অস্থিরতা তৈরি করতে পারে। জো বাইডেনের আগের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পুরো জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়েছিল। পরে পশ্চিম জেরুজালেমে তাদের কনসুলেটকেও ঐ মিশনে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের যে কয়েকটি পদক্ষেপ ফিলিস্তিনিদের ক্ষিপ্ত করেছিল, তার একটি ছিল মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যত্ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। বাইডেন ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন, দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন দেওয়া এবং জেরুজালেমে ফের কনসুলেট খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।—রয়টার্স ও আলজাজিরা