ওসমানীনগরে ডাকাতদের লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার, অস্ত্রসহ গ্রেফতার ৮

সিলেটের ওসমানীনগরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণ ও ডাকাতির কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্র ও শনিবার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে ওসমানীনগর থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জগন্নাথপুর উপজেলার পূর্ব তিঁলক গ্রামের আবদুল কাইয়ুম (২৪), চক তিঁলক গ্রামের জুয়েল মিয়া (৪৫), বালাগঞ্জ উপজেলার আহমদপুর গ্রামের রাজু আহমদ (১৯), একই উপজেলার সাদেকপুর গ্রামের হাজারি শিপন (২৮) ওসমানীনগরের রবিদাস সোনারপাড়া গ্রামের সাব্বির আহমদ (২৪), কানাইঘাট উপজেলার জয়পুর গ্রামের ছয়ফুল আলম (৪০) এবং মৌলভীবাজার সাইফুর রহমানের রোডস্থ এনআরবি জুয়েলার্সের সত্যজিৎ দাস ও নাসির খান।

গ্রেফতারকৃদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র  এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর ও ওসমানীনগর থানায় অস্ত্র আইনে পৃথক দৃটি মামলা দায়ের করেছে। শনিবার গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনকে আদালতের প্রেরণ করা হয়েছে। অন্য ৪ জনকে আজ রবিবার আদালতে প্রেরণ করা হবে।

শনিবার বিকেলে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে ওসমানীনগর থানার ওসি এসএম-আল মামুন জানান, ‘ডাকাতির ঘটনার পর তথ্য নিয়ে রাজু ও জুয়েলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে জগন্নাথপুর ও মৌলভীবাজার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পেশাদার ডাকাতদের গ্রেফতার করা হয়। ডাকাতির সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। দ্রুত তাদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের একটি জুয়েলারি দোকান থেকে লুণ্ঠিত ৫৫.২৫ গ্রাম স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ১লাখ ৫ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

আরও পড়ুনঃ নববধূকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় ছাত্রলীগের ৭ জন আটক, কমিটি বিলুপ্ত

উল্লেখ্য, গত রবিবার রাতে যুবলীগ সভাপতি আনা মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুঠে নেয়। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে আনা মিয়া গুলিবিদ্ধ হন। ডাকাতদের হামলায় তার পরিবারের সদস্যরা আহত হন। এ ঘটনায় আনা মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

ইত্তেফাক/নূহু