বিনোদন রিপোর্ট
প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মায়া: দ্য রিভেঞ্জ’। তরুণ আলোচিত অভিনেতা আসিফ নূর অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আগামীকাল। এরই মধ্যে ছবিটির মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান রিলিজ পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ক্রিয়েশনসের ইউটিউব ও ফেসবুক পেজে দেখা যাবে ছবিটি। এতে আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন সেলিনা আফ্রি। ছবিটি নির্মাণ করেছেন ফাহমিদা প্রেমা। এস এ হক অলীকের পরিচালনায় ‘এক পৃথিবী প্রেম’ দিয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেছিলেন তিনি। এ বছরের ফেব্রুারিতে মুক্তি পায় তার সর্বশেষ ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমনের পরিচালনায় এই ছবিতে আসিফের বিপরীতে ছিলেন অধরা খান।
আসিফ নূর বলেন, সুন্দর গল্পের ছবিতে কাজ করার স্বপ্নে অভিনয়ে এসেছি। মায়া:দ্য রিভেঞ্জ আমার খুব পছন্দের একটি গল্প। এতে আমি অভিনয় করেছি আয়ান চরিত্রে। এ ওয়েব ফিল্মে আমাকে একেবারেই ভিন্নরূপে উপস্থাপন করা হয়েছে। এর আগে আমাকে এভাবে কখনো দেখা যায়নি। আশা করছি সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে ছবিটি।’