পিরোজপুরে জনপ্রিয় হচ্ছে মাল্টার চাষ

নাসিম আলী, পিরোজপুর অফিস

১৪ বছর আগেও জেলায় মাত্র একটি মাল্টার বাগান ছিল। এখন এ ফল বাগানের সংখ্যা প্রায় হাজার। বর্তমানে এ জেলায় ১২৭ হেক্টর জমিতে মাল্টার বাগান গড়ে উঠেছে, যা একরের হিসাবে ৩৮১। গত অর্থবছরে গড় ফলন ১৭৪৯ মেট্রিক টন। যা আগের বছরের তুলনায় ৬৯৬ মেট্রিক টন বেশি। এ বছর এসব বাগানে এ লেবু জাতীয় ফলটি জেলায় এত বেশি ফলেছে যে ফলের দোকান ছাপিয়ে বাজারের সবজি বিক্রেতার ঝুড়ি ও রিকশা ভ্যানেও স্থান পেয়েছে। বাড়িতে ও হাটে-বাজারে ঘুরে ঘুরে ফেরি করে হাক দিয়ে ও মাইকিং করে বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক ড. মো. নজরুল ইসলাম সিকদার জানান, পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সূচিত এ  জেলায় মাল্টা চাষ ব্যাপকভাবে জনপ্রিয় করা সম্ভব হয়েছে মাত্র দুই থেকে আড়াই বছরের মধ্যে। ২০০৭-২০০৮ সালে এ জেলায় মাত্র একটি মাল্টা বাগান ছিল যা এখন ৯৯২টি। জেলার নাজিরপুর, নেছারাবাদ (স্বরূপকাঠি), ভাণ্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলায় সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প নামে দুটি নতুন প্রকল্পের অধীনে এ অঞ্চলে মাল্টা চাষ সম্প্রসারণে কৃষি অধিদপ্তর নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। 

পিরোজপুরের বিশিষ্ট কৃষি লেখক জগত্ প্রিয় দাস বিশু জানান, মাল্টায় প্রচুর পুষ্টিমাণ ও ঔষধিগুণ থাকায় ভোক্তাদের এ ফলটির প্রতি আকর্ষণ বেশি। মাল্টা ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৩০ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ খাওয়া প্রয়োজন। মাল্টার প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী অংশে বিদ্যমান পুষ্টিমাণের মধ্যে ভিটামিন ‘সি’ ৪৫ থেকে ৬১ মিলিগ্রাম। এ ছাড়া পানি, আমিষ, চর্বি, শর্করা, আঁশ, ভিটামিন ‘এ’, সাইট্রিক এসিড, খাদ্য শক্তির পরিমাণও সন্তোষজনক মাত্রায় বিদ্যমান। পিরোজপুরের মাল্টার মিষ্টতার মান ১১, যা লেবু জাতীয় ফলের মধ্যে উচ্চমানের। তাই ক্রেতারা স্থানীয়ভাবে উত্পাদিত অর্থকরী এ ফলটির প্রতি যেমন ঝুঁকছেন তেমনি জেলার কৃষকদের মধ্যেও মাল্টা চাষের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে।

পিরোজপুর সদর উপজেলার সবচেয়ে বড় মাল্টা বাগানটির মালিক কদমতলার খানাকুনিয়ারী গ্রামের তারিকুল ইসলাম। গত চার বছরে তার বাগানের আয়তন বেড়ে হয়েছে ৮.৮০ একর। তিনি এ বছর বাগানের সম্পূর্ণ ফল আগাম ১১ লাখ টাকায় বিক্রি করেছেন। এ রকম বাগান সদরসহ অন্যান্য উপজেলায় সম্প্রসারিত হচ্ছে।