ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার আট ঘণ্টা পর শুক্রবার সকাল ৭টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রামনগর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় ৯০১ নম্বর মালবাহী কনটেইনার ট্রেনের সামনের দিকের ১৪ নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কনটেইনার ট্রেনটি ভৈরব স্টেশন ত্যাগ করে রামনগর ব্রিজের পূর্ব পাশে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। রাত ২ টার সময় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে রাত ৩টায় উদ্ধার কাজ শুরু করে। ভোর সাড়ে ৫টায় উদ্ধার কাজ শেষ হলে ট্রেনটি দৌলতকান্দি স্টেশনে নিয়ে যাওয়া হয়। ভোর ৬টায় প্রয়োজনীয় মেরামত শেষ হয়। আট ঘণ্টা পর সকাল সাড়ে ৭টা থেকে ডাবল লাইন দিয়ে চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল করতে থাকে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে ডাবল লাইন থাকায় উভয় দিক থেকে ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন ঘটেনি। এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে রামনগর এলাকায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করলে সকাল সাড়ে ৭টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভৈরব রেলওয়ে সহকারী প্রকৌশলী জীষান দত্ত জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলামকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং চার কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।