মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বৃহস্পতিবার রাতে অবৈধভাবে মাছ ধরার সময় মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের টহল জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা। শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশী মাছ ধরার ট্রলারে জেলেদের অবৈধভাবে মাছ আহরণ করছিল। এ সময় ট্রলার কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে বাংলাদেশের জলসীমানা হতে আটক করা হয়। পরবর্তীতে জব্দ ট্রলার ও আটক ১৩ জন ভারতীয় জেলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।