নাটোরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

নাটোর প্রতিনিধি

নাটোরে সড়ক দুর্ঘটনায় মহাদেব কর্মকার (৭৪) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে শহরের বড়গাছা পালপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত ফকিরচাঁদের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে আসতেই তাকে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

গৌরনদীতে ভ্যানচালক নিহত

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বড় কসবা নামক এলাকায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ট্রাক চাপায় সাইয়েদ হাওলাদার (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সে উজিরপুর উপজেলার হস্তিসুন্ড গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ভ্যানচালক সাইয়েদ পাটকাঠি নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের বড় কসবা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করা হয়।

শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের শাহ বন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় শুক্রবার সকালে দুই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চার জন আহত হয়েছে। আহতরা হলেন ট্রাকচালক শামীম হোসেন, নাজু মিয়া, সজীব হোসেন ও মেরাজ উদ্দিন। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, ট্রাক দুটি আটক করা হয়েছে। রংপুরগামী ট্রাকের চার জন আহত হয়েছেন এবং পাথরবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন।