ডোমার (নীলফামারী) সংবাদদাতা
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ও গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে ডোমার উপজেলার নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার প্রায় শতাধিক পরিবার। অনেকের রান্না ঘরে উঠেছে পানি। রান্না করতে না পারায় শুকনো খাবার খেয়ে কাটছে অনেকের। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখাযায় ডোমার পৌরসভা ও সদর ইউনিয়নের কিছু এলাকায় এমন চিত্র।
থানা পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের শাহিনুর রহমান বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে এই এলাকাটি পানিবন্দি হয়ে পড়ে। গত এক সপ্তাহ থেকে পানি বন্দি অবস্থায় আছি আমরা। কিছু জায়গা উঁচু হওয়ায় পানি বের হতে পারে না। পানি নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার করলে পানি বের হয়ে যায়। রেহাই পাই আমরা পানি বন্দি পরিবারগুলো।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাসেম জানান, এশিয়ান হাইওয়ে রাস্তার কাজ হওয়ার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার আশেপাশের বাড়িগুলো পানিবন্দি হয়ে পড়েছে। সদর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার ২৮টি পরিবার আমরা পানিবন্দী অবস্থায় আছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, খবর পেয়ে আমি দ্রুত পানিবন্দি এলাকাগুলো পরিদর্শন করেছি। চেয়ারম্যান পাড়ায় যে এলাকাটি পানিবন্দি, সে এলাকাটি নিচু হওয়ায় পানি বের হতে পারছে না। সামনে এশিয়ান হাইওয়ে, পূর্ব ও পশ্চিমে এলজিডির রাস্তা। তার মাঝখানে পাড়াটি হওয়ায় পানি বের হয় না। আমরা তাত্ক্ষণিক পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। পানিবন্দী পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।