শ্রীপুরে কবর থেকে কঙ্কাল চুরি

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার রাতে তিনটি মানব কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনা ঘটে উপজেলার পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কবর স্থানে।

স্থানীয় যুবক শাকিল জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ে তিনি বাড়ি ফেরার সময় রাস্তার পাশে কবরস্থানের কবরগুলোর মাটি উপড়ানো অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকদের ডেকে এনে ঘটনাটি তিনি দেখান। স্থানীয় মুস্তাফিজুর রহমান জানান, এ কবরস্থানে তার স্ত্রীসহ পরিবারের অনেক সদস্যের কবর রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা পাঁচটি কবর খুঁড়ে। পরে তিনটি কবর থেকে তার স্ত্রী ফরিদা রহমান, শাশুড়ি জুসনা বেগম ও তোফাজ্জল হোসেনের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে তারা।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য এর আগে গত ৯ আগস্ট রাতে উপজেলার চন্নাপারা এলাকায় কঙ্কাল চুরির সময় স্থানীয় জনতা এক চোরকে ধরে পুলিশে সোপর্দ করে।