ইত্তেফাক রিপোর্ট
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ময়মনসিংহ-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন। এই কমিটির সভাপতি ছিলেন কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফ, তিনি মারা যাওয়ায় পদটি খালি হয়। গত ৩০ জুলাই আলী আশরাফ ইন্তেকাল করেন। গতকাল কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এটিসহ মোট তিনটি সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব তোলেন। পরে সংসদে তা গৃহীত হয়। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নবনির্বাচিত দুই এমপি ঢাকা-১৪ আসনের আগা খান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে বাদ পড়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
এছাড়া মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত নুর উদ্দিন চৌধুরী নয়ন। কুয়েতের কারাগারে বন্দি কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য হওয়ায় নয়ন তার স্থলাভিষিক্ত হলেন।