২০২৫ সালের মধ্যে ‘বাংলা কার’
চালুর আশাবাদ শিল্পমন্ত্রীর
ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে যানবাহন ও যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ২০২৫ সালের মধ্যে ‘বাংলা কার’ ব্র্যান্ড চালুর আশা ব্যক্ত করে শিল্পমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে সরকার শিল্পায়ন ও শিল্পের বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ি তৈরি কারখানা স্থাপনের সমীক্ষা কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশন (বিএসইসি) এবং জাপানের মিতসুবিশি মোটর কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এ ছাড়াও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ, মিতসুবিশি মোটর কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ এবং শিল্প মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত হন।