টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে জুবায়ের (৮) ও নূর নবী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে জুবায়ের এবং বিকালে নূর নবীর মৃত্যু হয়। এরা হলেন—উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে জুবায়ের ও জসিম উদ্দিনের ছেলে নূর নবী। সম্পর্কে শিশুরা চাচাতো ভাই। একই দিনে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেশী আতিকুর রহমান তাহের জানান, বৃহস্পতিবার বিকালে ঐ দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করার সময় হঠাত্ ভিমরুল উড়ে এসে দুই শিশুর গায়ে (হুল ফোটায়) কামড় দেয়। পরিবারের লোকজন জুবায়ের ও নূর নবীকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিত্সা দেন। শুক্রবার ভোরে জুবায়েরের মৃত্যু হয়। এদিকে, নূর নবীকে শুক্রবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তারও মৃত্যুর খবর আসে। শুক্রবার বিকালে ও সন্ধ্যায় দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। মা-বাবাসহ পরিবারের লোকজন তাদের আদরের দুই সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা ও বাক্রুদ্ধ হয়ে পড়েছেন।