যশোরের শার্শায় পরকীয়ার কারণে মনিরুল ইসলাম নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নাভরন কাজীরবেড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।
প্রতিবেশীরা জানান, রাত ২টার দিকে হঠাত্ চিত্কার শুনে তারা একটি বাড়িতে আগুন জ্বলতে দেখে তা নেভাতে এগিয়ে যান। একপর্যায়ে তারা দেখেন একটি মোটরসাইকেলে আগুন লেগেছে এবং তার নিচে এক যুবক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছেন। খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার কাজীরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির নিচতলায় ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার বাসিন্দা এনজিও কর্মী সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। এলাকাবাসীর ধারণা, সাইদুর রহমানের স্ত্রী বিথী খাতুনের সঙ্গে নিহত মনিরুলের পরকীয়ার সম্পর্ক রয়েছে। শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাইদুর রহমানের স্ত্রীসহ চার জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।