কালিয়ায় স্বামীর হাতুড়ির আঘাতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

নড়াইলের কালিয়ায় কাঠমিস্ত্রি স্বামীর হাতুড়ির আঘাতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী দীপালি বেগম (৩৫) নিহত হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার উড়শি গ্রামে স্বামী রকিবুলের বাড়িতে ঐ ঘটনা ঘটে। স্থানীয় বারইপাড়া মোড় বাজারের দোকান চুরির অভিযোগে গ্রাম্য সালিশে ধার্যকৃত জরিমানার টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে রাজি না হওয়ায় দীপালিকে জীবন দিতে হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, দুই বছর আগে উড়শি গ্রামের লতিফ গাজীর ছেলে রকিবুল গাজীর সঙ্গে চাচুড়ী গ্রামের আবুবক্কার শেখের মেয়ে দীপালির বিয়ে হয়। বিয়ের পরে এই প্রথম দীপালি সন্তান সম্ভাবা। এরই মধ্যে বারইপাড়া মোড়ের উজ্জ্বলের হার্ডওয়ারের দোকান ও আলিমের মুদি দোকানে প্রায় এক মাস আগে চুরি সংঘটিত হয়। ঐ চুরির ঘটনায় রকিবুলকে সন্দেহ করে গত প্রায় ১৫ দিন আগে উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনির নেতৃত্বে এক সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে রকিবুল গাজীকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য স্ত্রী দীপালিকে চাপ দিতে থাকেন রকিবুল। এরই মধ্যে দীপালি বেগম তার কিছু স্বর্ণালংকার বিক্রি করা টাকা নিজের কাছে রাখেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রকিবুল অলংকার বিক্রির টাকা কেড়ে নিতে চাইলে তাদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। বাগিবতণ্ডার একপর্যায়ে রকিবুল ক্ষুব্ধ হয়ে হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, স্বামীর হাতুড়ির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী রকিবুলকে আটক করতে পুলিশের অভিযান চলছে।