ভাই ওবায়দুল ও ভাবির বিরুদ্ধে অভিযোগ কাদের মির্জার

বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুমকি দিয়ে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, তার (ওবায়দুল কাদের) বিরুদ্ধে সব তথ্যপ্রমাণ লিপিবদ্ধ করা হচ্ছে। জায়গামতো তা পৌঁছে দেওয়া হবে। তার অভিযোগ, ভাবি অ্যাডভোকেট ইশরাতুন্নেসা কাদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে অবৈধভাবে শত কোটি টাকার মালিক হয়েছেন। তিনি (মন্ত্রী) যখন সিঙ্গাপুরে চিকিত্সাধীন ছিলেন, তার খরচ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ ভাবি ইশরাতুন্নেসা কাদের সেখানকার  হোটেলে অবস্থান করে মন্ত্রীকে দেখতে যাওয়া ব্যবসায়ী, ঠিকাদার ও এমপিদের কাছ থেকে মন্ত্রীর চিকিত্সার নামে শত কোটি টাকা চাঁদা আদায় করেছেন। একই সঙ্গে কাদের মির্জা তার অনুসারী নাজিম উদ্দিন বাদলকে গ্রেফতারের ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে নোয়াখালীর এসপির উদ্দেশে অশোভন উক্তি করেন।

এদিকে নাজিম উদ্দিন বাদলকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে বসুরহাট পৌর হলে প্রতিবাদ সভা শেষে বসুরহাট বাজারে তার মুক্তির দাবিতে মিছিল করেন কাদের মির্জা। এ সময় নোয়াখালী ডিবির ওসি মো. রবিউল হককে কোম্পানীগঞ্জে এলে তাকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে শুক্রবার পুলিশের একটি দল জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে অভিযান চালিয়ে বাদলের অনুসারী মাহবুবুর রহমান আরিফ নামে এক জনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।