বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে উন্নত চিকিত্সার জন্য দিল্লি নেওয়া হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ৭৭ বছর বয়সি এই রাজনীতিবিদকে দিল্লি নেওয়া হয়। তাকে মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি করা হবে।
তোফায়েল আহমেদের জামাতা ও স্কয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষানিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়। তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান তিনি। তিনি আরো বলেন, উনি (তোফায়েল আহমেদ) হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নত চিকিত্সা ও চেকআপের জন্য দিল্লি গেছেন।
জানা গেছে, বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তোফায়েল আহমেদ। এর পর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে চিকিত্সা নিয়ে বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে নিয়মিত চেকআপের অংশ হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে গেছেন তিনি।
উল্লেখ্য, ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। পাঁচ বারের সংসদ সদস্য ও দুই বারের মন্ত্রী এই জননেতা এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। প্রবীণ এই রাজনীতিবিদ সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।