দেশ চালাচ্ছে ‘আমলা লীগ’ ------- মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারে আওয়ামী লীগ থাকলেও কার্যত আমলারাই দেশ চালাচ্ছে। আজকাল আপনি জেলাগুলোতে যদি যান, আপনি ঢাকার ডিসি অফিসে যান, যেখানে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং হয় বা কোনো উন্নয়ন কর্মকাণ্ডের মিটিং হয়, সেখানে সরকারি আমলারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ কোথায়? এখন তো পুরো আমলা লীগ।’ মির্জা ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দেশে আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। জোর করে তুলে নিয়ে অপহরণ করে চাঁদা আদায় করছে পুলিশ। পুলিশের অফিসার ধর্ষণের জন্য অভিযুক্ত হচ্ছে। পত্রিকা খুলে দেখবেন, তারা একটা নতুন কারসাজি শুরু করেছে। আইজিপি বলেছেন যে, এখন পুলিশ সাংবাদিকতাও করবে। পুলিশ যখন সাংবাদিকতা করতে চায়, তাহলে বুঝতে হবে যে, এই রাষ্ট্র আর নেই।’

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও উপদেষ্টা ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির           রিজভী, চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।