মহামারি, দৈবদুর্বিপাক অথবা অন্য কোনো অনিবার্য কারণে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন করা না গেলে অ্যাডহক কমিটি গঠনের সুযোগ তৈরি করে বিদ্যমান আইন সংশোধনে একটি বিল উঠছে সংসদে। গতকাল শুক্রবার সংসদে এ সম্পর্কিত ‘বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
১৯৭২ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের লক্ষ্যে বিলটি আনা হয়েছে। করোনা ভাইরাসের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন না করতে পারায় বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে গত ২৮ জুলাই একটি অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম বৈঠকেই তা উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। বৃহস্পতিবার অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। অধ্যাদেশের বিধানগুলো বিদ্যমান আইনে সংযোজন করতেই বিল আকারে সংসদে আনা হয়েছে।
উত্থাপিত বিলে বলা হয়েছে, মহামারি, দৈবদুর্বিপাক অথবা অন্য কোনো অনিবার্য কারণে নির্ধারিত সময়ের মধ্যে বার কাউন্সিলের নির্বাচন করা না গেলে সরকার একটি ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করবে। এই কমিটির প্রধান হবেন অ্যাটর্নি জেনারেল। অ্যাডহক কমিটির মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। এই কমিটির মেয়াদ বাড়বে না বলেও বিলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ বার কাউন্সিল নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছিল। তপশিল অনুযায়ী গত ২৫ মে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি সভা করে গত ৩ এপ্রিল বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়।