বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় একটি ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। বৃহস্পতিবার বিকালে মোংলা বন্দরের অদূরে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। শুক্রবার বিকালে কোস্ট গার্ডের পক্ষ থেকে মামলা দায়ের করে ফিশিং ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে মোংলা থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন অফিসার লে. এম মামুনুর রহমান এক প্রেস বিজ্ঞতিতে জানান, বৃহস্পতিবার বিকেলে ‘এফবি পিতা-মাতার আশীর্বাদ-১২’ নামের একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখতে পান সমুদ্রে টহলরত কোস্ট গার্ড সদস্যরা। কোস্ট গার্ড সদস্যরা ট্রলারসহ ১৩ ভারতীয় জেলেকে আটক করেন। এর আগে গত ৮ আগস্ট একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ অন্য একটি ট্রলার আটক করেন কোস্ট গার্ড সদস্যরা।