বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই সঙ্কট শুধু বিএনপির সঙ্কট নয়, এই সঙ্কট সবার।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে আওয়ামী লীগ বিভিন্ন ইস্যু তৈরি করছে। এজন্য তারা জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলছেন। কোভিড টিকা সংগ্রহে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বিএনপিকে রাজপথে নামার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি আপনাদেরকে রাস্তায় দেখতে চাই। বিএনপিকে বলব, রাস্তায় নামেন।’
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি খোন্দকার লুতফর রহমান, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি