ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে শুক্র ও শনিবার পানিতে ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।
কালীগঞ্জ (লালমনিরহাট) : কালীগঞ্জের সুন্দ্রাহবি গ্রামের নাউকখোয়া দীঘিরপাড় এলাকায় শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো সিয়াম (১৫) ও মাহিম (১৪)। তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদের জিম্মায় লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে মামলা করা হবে।
শিবপুর (নরসিংদী) :শিবপুরে শুক্রবার বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার দুলালপুর ইউনিয়নের চিনাদী বিলে এ ঘটনা ঘটে। দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলো দুলালপুর ইউনিয়নের দরগাবন্দ গ্রামের মো. আলীর মেয়ে শারমিন আক্তার (৭) এবং সাধারচর ইউনিয়নের সাধারচর গ্রামের সুমন মিয়ার মেয়ে মিনহা আক্তার (৭)। শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া জানান, চিনাদী বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চৌহালী (সিরাজগঞ্জ) :চৌহালীর খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া এলাকায় শনিবার সকালে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম তোয়া (৩)। নিহতের বাবা ছবুর সিকদার বলেন, তোয়া উঠানে খেলা করছিল। পরে তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।