অবৈধভাবে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে ছয় জন আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্ত দিয়ে গতকাল শনিবার সকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ছয় জনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা তাদের বাড়ি বাংলাদেশে বলে দাবি করেন।

বিজিবির ঝিনাইদহের খালিশপুরের ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন একদল লোক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। খোশালপুর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে জিরো লাইন থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠ থেকে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের রেজাউল ইসলাম (২৭), তার স্ত্রী লিপি বেগম (২৫), মেয়ে সুমাইয়া (১১) ও ছেলে ইসরাফিল (৪) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার তামুন্দিয়া গ্রামের ফুলসুরাত বেগম (৬৫) ও তার ছেলে কবিরুল (৩২)।